প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালু করেছে ভারত। আগামী ২৮ জুন থেকে ভিসার আবেদন গ্রহণ এবং ১ জুলাই থেকে ভিসা প্রদান শুরু হবে।
বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর যমুনা ফিউচার পার্কে ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
তিনি বলেন, ট্যুরিস্ট ভিসার পাশাপাশি বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা কার্যক্রমও চালু থাকবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটের পাঁচটি ভিসা আবেদন কেন্দ্র থেকে সেবা নিতে পারবেন আবেদনকারীরা।
ভবিষ্যতে ভিসা কেন্দ্রের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান ভারতীয় হাইকমিশনার। পাশাপাশি মেডিকেল ভিসাপ্রত্যাশী, শিশু ও প্রতিবন্ধী আবেদনকারীদের জন্য বিশেষ সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হবে।
এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশটির সরকার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিয়েছে।
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর ফলে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও পর্যটন কার্যক্রম আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন