আগামী অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনটি জাতীয় নির্বাচনের মতোই সফল হবে বলে আশা করছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
সোমবার (৬ জুলাই) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে সীমানা বিরোধ নিষ্পত্তি নিয়ে সরকারকে চিঠি দেবে ইসি। নির্দিষ্ট সময়ে সব নির্বাচন অনুষ্ঠিত হয়, সে ব্যাপারে আমরা সরকারকে সহযোগিতা করব।’
ইসি মাছউদ আরও বলেন, ‘আমরা আশা করি, আগামী স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের মতোই সফল হবে। তবে গণমাধ্যমের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়।’
এ সময় তিনি সাংবাদিকদের সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বিভ্রান্তিকর তথ্য এড়াতে সতর্ক থাকার আহ্বান জানান।
নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে কমিশন। আইন, সীমানা নির্ধারণসহ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কাজ চলছে।
তিনি আরও জানান, স্থানীয় সরকার বিভাগের সঙ্গে যোগাযোগ করে সীমানাসংক্রান্ত বিষয়েও কাজ করছে নির্বাচন কমিশন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন