বর্ষা মৌসুমের শুরুতে নতুন গান ‘মেঘ’ প্রকাশ করছে কোক স্টুডিও বাংলা সিজন ৪। গানটিতে কণ্ঠ দিয়েছেন মাশা ইসলাম, মোহাম্মদ শোয়েব ও মৌসুমি।
কোক স্টুডিও বাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শাস্ত্রীয় রাগ ‘মিয়াঁ কি মালহার’ থেকে অনুপ্রাণিত হয়ে গানটি তৈরি করা হয়েছে। এতে বর্ষাকে ঘিরে মানুষের অপেক্ষা, নতুন শুরুর আশা ও জীবনের পুনর্জাগরণের অনুভূতি তুলে ধরা হয়েছে।
গানটিতে বাংলা সংস্কৃতির চিরায়ত উপাদানকে আধুনিক সংগীতায়োজনে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য থেকে অনুপ্রেরণার পাশাপাশি এতে যুক্ত হয়েছে সমকালীন স্পোকেন ওয়ার্ড।
আধুনিক সুর, সমকালীন কণ্ঠ ও শাস্ত্রীয় সংগীতের আবেগের সমন্বয়ে ‘মেঘ’ গানটি শ্রোতাদের ভিন্ন ধরনের অভিজ্ঞতা দেবে বলে আশা প্রকাশ করেছে কোক স্টুডিও বাংলা।
এর আগে সিজন ৪-এর সর্বশেষ গান হিসেবে প্রকাশিত হয় ‘রুম ঝুম’। গানটিতে কণ্ঠ দিয়েছিলেন মাহতিম শাকিব, নুসরাত জাহান এবং তুর্কি শিল্পী আলিফ হান্দে সেভগেল ও মোস্তফা ইপেক।
সেই ধারাবাহিকতায় রোববার (২৮ জুন) সন্ধ্যা ৭টায় প্রকাশিত হবে ‘মেঘ’। গানটি সব ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং কোক স্টুডিও বাংলার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে শোনা ও দেখা যাবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন