জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী দক্ষিণাঞ্চলের বন্যা পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রীর ভূমিকার সমালোচনা করেছেন।
তিনি বলেন, দেশের দক্ষিণাঞ্চলের মানুষ যখন বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে, তখন প্রধানমন্ত্রী স্ত্রীর সঙ্গে সেলফি তোলায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ সব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।
রোববার (১২ জুলাই) সন্ধ্যায় জুলাই পথসভা শেষে নিয়ামতপুর উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে অস্থায়ী মঞ্চে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেলেও এখনো তার বিচার হয়নি। আওয়ামী লীগের বিভিন্ন নেতার বিচার দাবি করে তিনি বলেন, জুলাই আন্দোলনে নিহতদের রক্তের বিচার নিশ্চিত করতে হবে।
দেশে প্রয়োজনীয় সংস্কার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন তিনি।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে একটি দলের রাজনৈতিক নেতারা নানা প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর জনগণের পাশে নেই। স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে বলেও জানান তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এনসিপি অন্যায়ের সঙ্গে আপস করে না এবং ন্যায়ের পথে থাকতে চায়। স্থানীয় সরকার নির্বাচনে দলের কোনো প্রার্থীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হলে তার প্রার্থিতা বাতিল করা হবে।
তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে মানুষ গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার জন্য রাজপথে নেমেছিল। জনগণ সংস্কারের মাধ্যমে উন্নত শিক্ষা ব্যবস্থা, স্বাধীন বিচার বিভাগ ও স্বাধীন পুলিশ বিভাগ চেয়েছিল। তবে তার দাবি, বর্তমানে কোনো বিভাগই স্বাধীনভাবে কাজ করতে পারছে না।
সভায় সভাপতিত্ব করেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক এবং যুবশক্তির নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী নিশাত আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিক, যুগ্ম আহ্বায়ক ও নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, যুবশক্তির সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল এবং যুগ্ম সদস্যসচিব সাকিব মাহাদী। এ ছাড়া দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা সভায় উপস্থিত ছিলেন।
সভার শুরুতে আকস্মিক বন্যায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়। পরে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত নেতাকর্মীরা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন