প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াতে ইসলামীর রাজনীতির বৈশিষ্ট্য হলো ঘোলা পানিতে মাছ শিকার করা। তবে এমন চেষ্টা করতে গিয়ে দলটি নিজেরাই সেই পানিতে পড়ে যায় বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে ‘১৭ জুলাই যাত্রাবাড়ী প্রতিরোধ দিবস’ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, “যারা ধর্মের নামে রাজনীতি করে, তাদের আদর্শ কী—সেটি জনগণের সামনে পরিষ্কার হওয়া প্রয়োজন।”
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে রাজনীতি করার সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, “শেখ হাসিনা যদি এ দেশে এসে রাজনীতি করতে চান, তাহলে টিক্কা খানের উত্তরসূরীদেরও প্রত্যাবর্তন করতে হবে। ফ্যাসিস্টের পতন হলে তাকে আর ফেরানো যায় না।”
আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, দলটি ক্ষমতায় যাওয়ার জন্য মনভোলানো কথা বলে। তবে দেশের মানুষ তাদের আর সেই সুযোগ দেবে না বলে দাবি করেন তিনি।
জুলাই আন্দোলনে যাত্রাবাড়ীর ভূমিকা তুলে ধরে রিজভী বলেন, ছাত্র-জনতার আন্দোলনে এ এলাকার মানুষ অগ্রণী ভূমিকা পালন করেছেন।
তিনি বলেন, “জুলাইয়ে যাত্রাবাড়ীতে পলাশীর প্রান্তর কিংবা লেনিনগ্রাদের মতো প্রতিরোধ গড়ে উঠেছিল।”
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন