স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, নির্বাচনে কে অংশ নেবে বা নেবে না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আদালত ও নির্বাচন কমিশনের।
রোববার (১৯ জুলাই) দুপুরে নির্বাচন ভবনে দলের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ বিএনপির অন্য নেতারা উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার নির্বাচনে কোনো প্রার্থীর প্রতি বিএনপির সমর্থন থাকবে কি না—এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিষিদ্ধ করার বিষয়ে জামায়াতে ইসলামীর দাবির প্রসঙ্গে তিনি বলেন, “এবারের নির্বাচন নির্দলীয়। নির্বাচনে কে অংশ নেবে বা নেবে না, সেটি আদালত ও নির্বাচন কমিশনের বিষয়।”
তিনি আরও বলেন, “অন্য কোনো রাজনৈতিক দল কী বলেছে, সেটি আমাদের দেখার বিষয় নয়।”
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন