দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৫১ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
রোববার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়। তাদের মধ্যে তিনজন ঢাকা বিভাগের এবং একজন সিলেট বিভাগের।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৬৯৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৫ শিশু। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮৮।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত এক লাখ ১৭ হাজার ৬৪৮ রোগীর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ১৩৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৯৬ হাজার ৫২১ জন।
সবশেষ ২৪ ঘণ্টায় পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত ১১৩ রোগী শনাক্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে দেশে মোট ১৪ হাজার ৪৩১ রোগীর শরীরে হাম শনাক্ত হয়েছে।
তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি বলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানানো হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন