দেশের জ্বালানি খাতকে আমদানিনির্ভর করে গত ১৭ বছর গ্যাস আমদানির নামে অর্থ লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ মো. ছালেহ (শিবলী)। তার মতে, গ্যাসের আমদানিনির্ভরতার কারণেই দেশের মানুষ পর্যাপ্ত বিদ্যুৎ পাচ্ছে না।
রবিবার চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবু আবদুল্লাহ মো. ছালেহ বলেন, “দেশের মানুষ বিদ্যুৎ না পাওয়ার কারণ হচ্ছে গ্যাসের আমদানিনির্ভরতা। ফ্যাসিবাদ গত ১৭ বছরে কিছু করেনি। বরং গ্যাস আমদানির নামে টাকা লুটপাট করেছে।”
বিদ্যুৎ ও জ্বালানি সংকটের সমাধানে দেশীয় উৎস থেকে গ্যাস উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার খুব শিগগির এ সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেবে।
তিনি বলেন, “আমদানি নির্ভরতা কমিয়ে আমরা যদি আমাদের নিজস্ব উৎস থেকে গ্যাস উৎপাদন করতে পারি, তাহলে বিদ্যুতের আর কোনো সমস্যা থাকবে না।”
দেশের উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে প্রেস সচিব বলেন, বিএনপি দেশের মানুষের প্রত্যাশা ও প্রয়োজন সম্পর্কে অবগত। ধর্ম, বর্ণ ও মতের ভিন্নতা ভুলে সবাইকে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে।
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্যও পৃথক পরিকল্পনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ২৪ সালের ২৫ ডিসেম্বর বিএনপির চেয়ারম্যান স্বদেশ প্রত্যাবর্তনের দিন ‘আই হ্যাভ এ প্ল্যান’ বলে যে অঙ্গীকার করেছিলেন, সেই পরিকল্পনার সফল বাস্তবায়ন করা হবে।
মানুষের মৌলিক চাহিদা পূরণে সরকার কাজ করছে জানিয়ে আবু আবদুল্লাহ মো. ছালেহ বলেন, এসব পরিকল্পনার সুফল পেতে জনগণকে কিছুটা ধৈর্য ধরতে হবে।
সমাবেশে অন্যদের মধ্যে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ এবং জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





