আগামী গ্রীষ্মে দেশে বিদ্যুতের ঘাটতি অনেকটা কমে যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে সরকার উদ্যোক্তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে। এর ফলে আগামী গ্রীষ্মের আগেই দেশে অন্তত তিন হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হবে।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে যশোর পিটিআই অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে মানসম্মত ও নৈতিক শিক্ষার উন্নয়ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ বিষয়ে প্রধান শিক্ষক, শিক্ষা কর্মকর্তা ও পরিচালনা পর্ষদের সভাপতিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে। সৌদি আরবের মতো তেলসমৃদ্ধ দেশেও দাম বেড়েছে, যুক্তরাষ্ট্রেও তেল-গ্যাসের মূল্য বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় বাংলাদেশের মতো দেশ কতদিন মূল্য সমন্বয় না করে থাকতে পারে—সেটিও বিবেচনার বিষয়।
তিনি বলেন, এরপরও সরকার জনগণের কথা বিবেচনা করে মূল্য সমন্বয় করছে। একই সঙ্গে সবাইকে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান তিনি।
শিক্ষার মান উন্নয়ন প্রসঙ্গে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার ভিত্তি তৈরি করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা ও মানসম্মত স্যানিটেশন নিশ্চিত করার পাশাপাশি বাল্যবিবাহ বন্ধে অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে।
তিনি আরও বলেন, অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হবে না। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে সতর্ক করে প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে প্রভাব বিস্তার বা অরাজকতা সৃষ্টি করলে ছাড় দেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।





