বাংলাদেশি চলচ্চিত্রের আলোচিত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’ দীর্ঘ পাঁচ বছর পর টেলিভিশন পর্দায় সম্প্রচার হতে যাচ্ছে। আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত সিনেমাটি আগামী ১ অক্টোবর চ্যানেল আইতে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে।
চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ আয়োজনের অংশ হিসেবে দুপুর ৩টা ৫ মিনিটে সিনেমাটি প্রচার করা হবে।
২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘রেহানা মরিয়ম নূর’ প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশন বিভাগ ‘আঁ সার্তে রিগা’-তে জায়গা করে নেয়। এরপর বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা অর্জন করে সিনেমাটি।
একই বছরের নভেম্বরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। পরে ২০২১ সালের ডিসেম্বর থেকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতেও দেখা যাচ্ছে এটি। তবে টেলিভিশনে এবারই প্রথম সম্প্রচারিত হতে যাচ্ছে সিনেমাটি।
সিনেমার গল্প আবর্তিত হয়েছে একটি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষক রেহানা মরিয়ম নূরকে ঘিরে। কলেজে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পর প্রতিবাদী ও দৃঢ় অবস্থানে দাঁড়ান তিনি।
সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। এছাড়া অভিনয় করেছেন আফিয়া জাহিন জাইমা, কাজী সামি হাসান, আফিয়া তাবাসসুম বর্ণ, ইয়াছির আল হক, সাবেরী আলমসহ অনেকে।