রাজধানীর রমনায় অফিসার্স ক্লাবের নির্মাণাধীন একটি ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে ভবনটির নিচতলায় সিঁড়ির পাশে তার মরদেহ পাওয়া যায়।
পুলিশ ও অফিসার্স ক্লাব সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে ছোট মেয়েকে সঙ্গে নিয়ে অফিসার্স ক্লাবে প্রবেশ করেন মোশাররফ হোসেন। পরে মেয়েকে সুইমিংপুলের পাশে রেখে তিনি ক্লাবের নির্মাণাধীন ভবনের ভেতরে যান।
প্রায় এক ঘণ্টা পর ভবনটির নিচতলায় সিঁড়ির পাশে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন নিরাপত্তাকর্মীরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জানা গেছে, মোশাররফ হোসেন অফিসার্স ক্লাবের সদস্য ছিলেন। তিনি রাজধানীর বনানীর জি-ব্লকের ৪০ নম্বর বাড়িতে বসবাস করতেন। তার দুই মেয়ের মধ্যে বড় মেয়ে যুক্তরাষ্ট্রে থাকেন।
এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্মাণাধীন ভবনের সিঁড়ি ও লিফটের পাশের একটি ফাঁকা অংশ দিয়ে নিচে পড়ে গিয়ে মোশাররফ হোসেনের মৃত্যু হতে পারে।
তবে এটি দুর্ঘটনা নাকি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা এখনই নিশ্চিত করা যাচ্ছে না বলে জানান তিনি।
ওসি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন এবং পুলিশের তদন্ত শেষ হলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
রমনায় অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের লাশ উদ্ধার
বাংলাদেশ২৪৭ নিউজ ডেস্ক
১৭ অক্টোবর, ২০২৬
২ দিন আগে
শেয়ার করুন:

জাতীয়
মতামত(0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে অ্যাকাউন্ট প্রয়োজন
সংবাদে মতামত প্রকাশ করতে অনুগ্রহ করে নিবন্ধন (Registration) অথবা লগইন করুন।




