দীর্ঘ সময় ধরে সিনেমার পর্দায় দেখা নেই চিত্রনায়ক বাপ্পারাজের। তবে অভিনয়ে নিয়মিত না থাকলেও চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত ছিলেন তিনি। এবার দীর্ঘ বিরতি শেষে আবারও সিনেমায় ফিরছেন এক সময়ের জনপ্রিয় এই তারকা।
পরিচালক এম ডি ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলী’-তে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বাপ্পারাজ। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে তাকে। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজক জাহাঙ্গীর সিকদার।
বাপ্পারাজের যুক্ত হওয়ার বিষয়ে পরিচালক এম ডি ইকবাল বলেন, চরিত্রটি নিয়ে এখনই বিস্তারিত জানাতে চান না তিনি। তবে গল্প ও চরিত্র পছন্দ হওয়ায় বাপ্পারাজ সিনেমাটিতে অভিনয়ের সম্মতি দিয়েছেন।
তিনি বলেন, বাপ্পারাজের মতো অভিজ্ঞ একজন অভিনেতা সিনেমাটির সঙ্গে যুক্ত হওয়ায় তারা আনন্দিত। গল্প ও চরিত্রের সঙ্গে মানানসই অভিনয়শিল্পী নির্বাচন করা হচ্ছে। সিনেমায় বাপ্পারাজের চরিত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তার অভিজ্ঞতা ও অভিনয় দক্ষতা চরিত্রটিকে আরও সমৃদ্ধ করবে বলে আশা প্রকাশ করেন নির্মাতা।
‘গুলশানের চামেলী’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয় চলতি মাসের ২ তারিখে রাজধানীর একটি হোটেলে। মহরতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সিনেমাটির কাজ শুরু হয়।
সিনেমাটিতে বাংলাদেশ ও কলকাতার বেশ কয়েকজন পরিচিত অভিনয়শিল্পী অভিনয় করবেন বলে জানা গেছে।





