আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপালে নিরাপদে রয়েছে বাংলাদেশের সিনেমা ‘শিকার’-এর পুরো শুটিং ইউনিট। নির্মাতা কামরুজ্জামান রোমান জানিয়েছেন, শুক্রবার (২৮ আগস্ট) দেশে ফিরবেন সিনেমাটির কলাকুশলীরা।

গত বুধবার হিমালয় অঞ্চলের একটি নদীতে পাহাড়ের মাটি ও পাথরের বিশাল অংশ ধসে পড়ার পর নেপালে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। এতে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় নিহতের সংখ্যা ৩৫৯ ছাড়িয়েছে এবং প্রায় ১ হাজার ৫০০ মানুষ নিখোঁজ রয়েছেন।

আগস্টের শুরু থেকে নেপালে ‘শিকার’ সিনেমার শুটিং চলছিল। সিনেমাটিতে অভিনয় করছেন অপু বিশ্বাস, মুরতজা পলাশ, মাহমুদুল ইসলাম মিঠু, সুমন আনোয়ার, পশ্চিমবঙ্গের খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, শ্যাম ভট্টাচার্যসহ অনেকে।

নেপালের বন্যার খবর ছড়িয়ে পড়ার পর সিনেমাটির কলাকুশলীদের নিয়ে উদ্বেগ তৈরি হয়। তবে নির্মাতা কামরুজ্জামান রোমান জানিয়েছেন, ইউনিটের সবাই নিরাপদে আছেন।

তিনি বলেন, শুটিং ইউনিটের সবাই ভালো আছেন এবং শুক্রবার দেশে ফেরার প্রস্তুতি রয়েছে।

অভিনেত্রী অপু বিশ্বাস জানান, তারা বর্তমানে পোখারায় অবস্থান করছেন এবং নিরাপদে আছেন। তবে পোখারা থেকে কাঠমান্ডু যাওয়ার সড়ক যোগাযোগ বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

অপু বিশ্বাস বলেন, “আমরা পোখারাতে আছি। নিরাপদে আছি। তবে পোখারা থেকে কাঠমান্ডু যাওয়ার হাইওয়ে রাস্তা ভয়াবহভাবে বিপর্যস্ত হয়েছে। শুক্রবার ফ্লাইটে ঢাকা ফিরব।”

তিনি আরও বলেন, বন্যার খবর পাওয়ার পর থেকেই ভক্ত, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা ফোন ও বার্তার মাধ্যমে তাদের খোঁজ নিয়েছেন। সবার ভালোবাসা ও উদ্বেগের জন্য কৃতজ্ঞতা জানান তিনি।

নেপালে আটকা সংগীতশিল্পী তাসরিফ খান

এদিকে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে নেপালের বন্যায় আটকা পড়েছেন কুঁড়েঘর ব্যান্ডের ভোকাল তাসরিফ খান।

এক ভিডিও বার্তায় নেপালের ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরে তিনি জানান, তারা নিরাপদে আছেন। তবে পরিস্থিতির কারণে এখনই দেশে ফিরতে পারছেন না।

তাসরিফ বলেন, “নেপাল-চীন সীমান্তবর্তী এলাকায় এটি ইতিহাসের অন্যতম ভয়াবহ দুর্যোগ। আকস্মিক বন্যার কারণে বিপুলসংখ্যক পর্যটক নিখোঁজ রয়েছেন।”

তিনি জানান, দেশে ফেরার পথে পাহাড় ধসের কারণে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। তাই চাইলেও আপাতত দেশে ফেরা সম্ভব হচ্ছে না।

তাসরিফ আশা প্রকাশ করেন, পরিস্থিতি স্বাভাবিক হলে নিরাপদেই দেশে ফিরতে পারবেন তারা।