ঢালিউডের প্রয়াত নায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্তের মধ্যে খল-অভিনেতা আশরাফুল হক ডনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (৯ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল তাকে নিজেদের হেফাজতে নেয়।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ ডনকে আটক করে। এরপর সিআইডির একটি দল এসে তাকে নিয়ে যায়।

ওসি আরও জানান, সিআইডিতে সংশ্লিষ্ট একটি মামলা চলমান রয়েছে এবং সংস্থাটি মামলাটির তদন্ত করছে।