‘প্রিয়তমা’ ও ‘বরবাদ’-এর পর আবারও বড় পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন শাকিব খান ও ইধিকা পাল। সবকিছু ঠিক থাকলে মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমা ‘নিঃস্ব’-তে তৃতীয়বারের মতো একসঙ্গে দেখা যাবে তাদের।

সিনেমাসংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, ‘নিঃস্ব’-তে শাকিব খানের বিপরীতে ইধিকা পালকে চূড়ান্ত করা হয়েছে। তবে নির্মাতার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে নায়িকার নাম ঘোষণা করা হয়নি। সংশ্লিষ্টদের ভাষ্য, একটি ঘোষণা ভিডিওর মাধ্যমে সিনেমার নায়িকাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে।

এর আগে থেকেই ‘নিঃস্ব’র নায়িকা হিসেবে ইধিকার নাম নিয়ে আলোচনা চলছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী সাবিলা নূরের নামও উঠে আসে। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, শেষ পর্যন্ত শাকিবের বিপরীতে ইধিকাকেই নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, আগামী অক্টোবরের শেষ সপ্তাহে শাকিব খান ও ইধিকা পালকে নিয়ে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। ‘নিঃস্ব’ নির্মিত হবে রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে।

২০২৩ সালে ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয় ইধিকা পালের। প্রথম সিনেমাতেই শাকিব খানের সঙ্গে তার পর্দার রসায়ন দর্শকের নজর কাড়ে। পরে ‘বরবাদ’-এ দ্বিতীয়বারের মতো একই জুটিকে দেখা যায়।

এদিকে ‘বরবাদ’ দিয়েই বড় পর্দায় পরিচালক হিসেবে যাত্রা শুরু করেন মেহেদী হাসান হৃদয়। শাকিব খান অভিনীত ওই সিনেমার পর এবার তার নতুন নির্মাণ ‘নিঃস্ব’ ঘিরেও দর্শকের আগ্রহ তৈরি হয়েছে। শাকিব-ইধিকা জুটি ফের একসঙ্গে আসার খবরে সেই আগ্রহ আরও বাড়তে পারে।