প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদের জামিন হয়নি। তার করা জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে আবেদনের ওপর শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।
এর আগে গত ২৫ আগস্ট রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে বিদিশাকে গ্রেপ্তার করে পুলিশ। প্রতারণার মামলায় তার বিরুদ্ধে দেওয়া সাজা ও জারি থাকা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে গুলশান থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এই মামলায় চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামশেদ আলম বিদিশাকে দুই বছরের কারাদণ্ড দেন।
ঢাকার পল্লবী এলাকার ব্যবসায়ী এ কে এম মোশাররফ হোসেন সিকদার ২০০৮ সালের ফেব্রুয়ারিতে গুলশান থানায় মামলাটি করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, রাজধানীর বারিধারায় একটি ফ্ল্যাট দেওয়ার কথা বলে ২০০১ সালের ১০ জুলাই মোশাররফ হোসেনের কাছ থেকে ৭৫ লাখ টাকা নেন বিদিশা। চুক্তি অনুযায়ী ২০০২ সালের ১০ জুলাইয়ের মধ্যে ফ্ল্যাটটি হস্তান্তরের কথা থাকলেও নির্ধারিত সময়ে তা দেওয়া হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়।
পরবর্তী সময়ে ওই অর্থ ফেরত দিতে বিদিশা ৭৫ লাখ টাকার একটি চেক দেন বলে মামলায় বলা হয়েছে। তবে হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় ২০০৫ সালের ২ মে চেকটি প্রত্যাখ্যাত হয়।
মামলার অভিযোগে আরও বলা হয়েছে, টাকা ফেরত পেতে বাদী যোগাযোগ করলে তাকে হুমকি-ধমকি দেওয়া হয়।





