জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, কুইক রেন্টালের নামে লুটপাটের কারণে দেশের বিদ্যুৎ ও গ্যাস খাতে সংকট তৈরি হয়েছে।

তিনি বলেন, এমন এক সময়ে বিএনপি সরকার দায়িত্ব নিয়েছে, যখন আগের সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রভাব মোকাবিলা করতে হচ্ছে।

শুক্রবার (২৮ আগস্ট) বাদ জুমা নাটোরের নলডাঙ্গা উপজেলায় তার পিতা মরহুম ডা. নাছির উদ্দিন তালুকদারের ৫৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মতো আন্তর্জাতিক পরিস্থিতির পাশাপাশি দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক সমস্যার কারণে জ্বালানি খাতে চাপ তৈরি হয়েছে।

তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা সরকার ও তার সহযোগীরা দেশের অর্থনৈতিক ব্যবস্থা দুর্বল করে রেখে গেছে। এর প্রভাবেই বর্তমান সময়ে বিভিন্ন সংকট দেখা দিয়েছে।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দ্রুত কাজ চলছে। এসব সমস্যা দীর্ঘস্থায়ী হবে না।”

বিদ্যুৎ খাত নিয়ে দুলু বলেন, দেশের মানুষকে সাময়িক স্বস্তি দিতে কুইক রেন্টালের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হলেও এর মাধ্যমে বিদ্যুৎ খাতে দীর্ঘমেয়াদি ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, বিদ্যুৎ ও গ্যাস নিয়ে মানুষের মধ্যে যে সাময়িক অস্বস্তি তৈরি হয়েছে, কৃষি মৌসুমের আগেই তা সমাধান হবে।

সারের বিষয়ে তিনি বলেন, দেশে সার সংকট নেই। তবে আগের সরকারের নিয়োগ দেওয়া সার ডিলাররা সংকট তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

দুলু জানান, এ ধরনের অনিয়ম ও ষড়যন্ত্র ঠেকাতে দ্রুত নতুন সার ডিলার নিয়োগের উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য পিপি রুহুল আমীন তালুকদার টগর, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ভিপি সানোয়ার হোসেন তুষার এবং বিসিবির কাউন্সিলর ফরহাদ আলী দেওয়ান শাহীনসহ অনেকে।