রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় নিয়মিত অভিযান চালিয়ে ৪৮৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব অভিযানে বিভিন্ন অভিযোগে ৫৯টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
ডিএমপির তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৪ জন, লালবাগে ৩৩ জন, ওয়ারীতে ৮০ জন, মতিঝিলে ৫৩ জন, তেজগাঁওয়ে ৪৫ জন, মিরপুরে ১৩২ জন, গুলশানে ৪০ জন ও উত্তরায় ৫৫ জন রয়েছেন। এছাড়া গোয়েন্দা বিভাগ আরও ১১ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। এর মধ্যে রয়েছে ১২০ কেজি গাঁজা, ১২ হাজার ৩৭৫ পিস ইয়াবা, দুই পুরিয়া হেরোইন ও পাঁচ লিটার দেশি মদ।
এছাড়া ১১ হাজার ৪৮০টি নকল ক্রিম, ১১টি মোবাইল ফোন, ৫২৬ বস্তা চাল, দুটি চাকু, একটি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার ও ওই গাড়ির একটি রিমোট চাবি উদ্ধার করা হয়েছে। অভিযানে দুই ভিকটিমকেও উদ্ধার করা হয় বলে জানিয়েছে ডিএমপি।
নিয়াজ মেহেদী জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।





