ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
শনিবার (২২ আগস্ট) দুপুরে জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে হুমায়ুন কবির বলেন, “আমাদের একটি ওয়ার্কিং ও পজিটিভ রিলেশনশিপ থাকবে, কারণ তারা আমাদের প্রতিবেশী। তবে জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে কোনো দেশের সঙ্গেই চুক্তি বা আলোচনা হতে পারে না।”
তিনি বলেন, শেখ হাসিনা দেড় হাজার মানুষ হত্যার পর ভারতে গেছেন। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার ফলাফল রয়েছে এবং আরও মামলা বিচারাধীন। ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে এবং এটি চলমান যোগাযোগের অংশ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের মানুষের অনুভূতিকে প্রাধান্য দিয়েই ভারতের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে বাংলাদেশ।
ভারত সফরের বিষয়ে তিনি বলেন, এ নিয়ে কোনো তাড়াহুড়ো নেই। প্রয়োজনীয় প্রস্তুতি, আলোচনা ও অগ্রগতির ভিত্তিতে উপযুক্ত সময়ে সফর অনুষ্ঠিত হবে।
এর আগে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
পরে দুপুর ১টা ৫০ মিনিটে পৃথকভাবে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ।
শ্রদ্ধা নিবেদনের পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান। পরে স্মৃতিসৌধের স্মারকগ্রন্থে অনুভূতি লিখে স্বাক্ষর করেন।





