চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সদ্য অপসারিত উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। দাবি আদায়ে মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ে শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির মাধ্যমে আন্দোলন শুরু করেন শিক্ষক-শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানিয়েছেন, অধ্যাপক ড. সায়েমকে স্বপদে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।

এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্যের পদ থেকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এ সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার রাত সাড়ে ১০টার দিকে চুয়েটের স্বাধীনতা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন একাডেমিক ভবন, ছাত্রী হল ও শিক্ষক আবাসিক এলাকা প্রদক্ষিণ করে। এতে বিপুলসংখ্যক ছাত্রীও অংশ নেন।

রাত ১২টার দিকে মিছিলটি স্বাধীনতা চত্বরে ফিরে আসে। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্য ভবনের সামনে গিয়ে প্রধান ফটকে তালা দেন এবং অধ্যাপক ড. সায়েমকে পুনর্বহালের দাবিতে স্লোগান দেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, দীর্ঘদিন পর তারা একজন শিক্ষার্থীবান্ধব উপাচার্য পেয়েছিলেন। কোনো কারণ ব্যাখ্যা ছাড়াই আকস্মিকভাবে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত তারা মেনে নিতে পারছেন না।

উল্লেখ্য, গত ২৭ জুলাই অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পান। দায়িত্ব নেওয়ার মাত্র ৫৬ দিনের মাথায় তাকে অপসারণ করে কুয়েটের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।