সংবিধান এখনো সংশোধন না হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা নিজ নিজ দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখন তো সংবিধান সংশোধন হয়নি। সুতরাং আমাদের বিদ্যমান সংবিধানে যা আছে, সেই মতেই রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হবে।’
রাষ্ট্রপতি নির্বাচনকে গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ৩৫ বছর পর সাংবিধানিক পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে। এবারের নির্বাচনে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলেরও প্রার্থী রয়েছেন। অথচ এর আগে একাধিকবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, গণতান্ত্রিক ধারায় প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে নির্বাচন হওয়াই উচিত। দেশের মানুষও এবার এই প্রক্রিয়া প্রত্যক্ষ করার সুযোগ পাবেন।
তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ সরাসরি সম্প্রচার করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, দেশের মানুষ এই নির্বাচনের মধ্য দিয়ে প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চা দেখতে পাবেন। একই সঙ্গে এর মাধ্যমে দেশে গণতান্ত্রিক ধারার নতুন সূচনা হবে বলেও মন্তব্য করেন তিনি।





