দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচিত হওয়ার পর তাকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ শেষে প্রকাশ্যে ব্যালট গণনা করা হয়। গণনা শেষে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন।
নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সমর্থিত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে পরাজিত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মোট ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে মির্জা ফখরুল পেয়েছেন ২৫৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
ভোটগ্রহণের সময় সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে পূর্ণ নাম স্বাক্ষর করার পর ব্যালটের মাধ্যমে পছন্দের প্রার্থীকে ভোট দেন।
সংসদ সদস্যদের মধ্যে প্রথম ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এরপর ভোট দেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পর্যায়ক্রমে অন্য সংসদ সদস্যরাও ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট গণনা ও ফল ঘোষণার পর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।





