ইতালির ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর। রুবাইয়াত হোসেন পরিচালিত চলচ্চিত্রটি উৎসবের ৮৩তম আসরের সম্মানজনক ‘অরিজোন্তি’ প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে।
এর মধ্য দিয়ে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।
শৈশবের স্মৃতি, একটি বিউটি পার্লার এবং বিয়েবাড়িকে ঘিরে ভীতিপ্রদ এক গল্পের ওপর নির্মিত হয়েছে সিনেমাটি। পরিচালক রুবাইয়াত হোসেন প্রায় ২০ বছর ধরে এ চলচ্চিত্রের ভাবনা নিয়ে কাজ করেছেন।
শৈশবে একটি পার্লারে শোনা গল্প এবং সে সময়ের কিছু স্মৃতি দীর্ঘদিন ধরে তার মনে গভীর ছাপ রেখে যায়। সেই স্মৃতিকে ভিত্তি করেই ঢাকার একটি বিউটি পার্লার, একটি বিয়ে এবং ছোটবেলার একটি ভয়ের ঘটনাকে কেন্দ্র করে চলচ্চিত্রটির গল্প গড়ে তোলা হয়েছে।
চলচ্চিত্রটির অন্যতম বৈশিষ্ট্য এর নারীনির্ভর নির্মাণদল। আবহ সংগীত ছাড়া চিত্রগ্রহণ, সম্পাদনা ও প্রোডাকশন ডিজাইনসহ প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ বিভাগের নেতৃত্বে ছিলেন নারীরা।
এ বিষয়ে রুবাইয়াত হোসেন বলেন, নারী টেকনিশিয়ানদের দক্ষতা ও কাজের গতি ছিল বিস্ময়কর। নারীরা ভালো সিনেমা বানাতে পারে না—এমন ভুল ধারণা ভাঙতে পেরেছে এই চলচ্চিত্র।
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নতুন মুখ জাইনীন চৌধুরী করিম। আরও অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল। অতিথি চরিত্রে রয়েছেন আজমেরী হক বাঁধন ও দামীর খান।
ফ্রান্স, পর্তুগাল, নরওয়ে, জার্মানি এবং বাংলাদেশের খনা টকিজের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি।
চলতি বছরের মধ্যেই বিশ্বের বিভিন্ন অঞ্চলে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর প্রদর্শনী হওয়ার কথা রয়েছে। আর আগামী বছর বাংলাদেশের দর্শকদের জন্য প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি





