আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

তিনি বলেছেন, এআই দিয়ে কোনোভাবেই আদালতের রায় লেখা যাবে না। এআই দিয়ে রায় লেখা অনুচিত কাজ, এতে রায়ের প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হতে পারে।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ মিলনায়তনে দেশের প্রথম ‘এআই গভর্নেন্স সামার স্কুল’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, এআই কোথায় এবং কতটুকু ব্যবহার করা যাবে, সে বিষয়ে একটি কার্যকর আইন ও নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন। মানুষের জীবন সহজ করা এবং মৌলিক অধিকার সুরক্ষার লক্ষ্যেই এআই ব্যবহার করতে হবে।

বিচারকদের উদ্দেশে জুবায়ের রহমান চৌধুরী বলেন, বাংলাদেশে এআই ব্যবহারের জন্য একটি আইনগত কাঠামো থাকা প্রয়োজন। এআই ব্যবহার করে রায় লেখা হলে বিচারিক সিদ্ধান্তের প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, প্রযুক্তির ব্যবহার করতে হবে মানুষের কল্যাণে। একই সঙ্গে এআই ব্যবহারের মাধ্যমে যাতে মানুষের মৌলিক অধিকার ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

অনুষ্ঠানে মানুষের দৈনন্দিন জীবনে এআইয়ের ব্যবহার নিয়ে বক্তব্য দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিনসহ সংশ্লিষ্ট বক্তারা।