২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহত নয়জন সনাতন ধর্মাবলম্বীর জীবন, সংগ্রাম ও আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণে ‘বিসর্জন’ নামে একটি বই প্রকাশ করেছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রকাশিত বইটিতে আন্দোলনে প্রাণ হারানো শিক্ষার্থী, শিশু ও শ্রমজীবী মানুষের জীবনকাহিনি তুলে ধরা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) ‘বিসর্জন: জুলাই গণঅভ্যুত্থানের সনাতন শহীদেরা’ শিরোনামে বইটি প্রকাশ করা হয়।
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহত সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে বাংলা ভাষায় এটিই প্রথম প্রকাশনা।
বইটিতে স্থান পাওয়া নয়জন হলেন শ্রী শুভ শীল, রিয়া গোপ, হৃদয় চন্দ্র তরুয়া, সৈকত চন্দ্র দে, তনয় চন্দ্র দাস, রিপন চন্দ্র শীল, রুদ্র সেন, দীপ্ত দে ও গঙ্গা চরণ রাজবংশী।
তাদের মধ্যে সবচেয়ে কম বয়সী ছিল ছয় বছরের শিশু রিয়া গোপ। জুলাই গণঅভ্যুত্থানের সময় নিজ বাসার ছাদে খেলা করার একপর্যায়ে গুলিবিদ্ধ হয় সে। পরে তার মৃত্যুর ঘটনা দেশজুড়ে আলোচনার সৃষ্টি করে।
‘বিসর্জন’ বইয়ে রিয়া গোপের পাশাপাশি গণঅভ্যুত্থানে নিহত অন্য আট সনাতন ধর্মাবলম্বীর জীবন ও আত্মত্যাগের স্মৃতি তুলে ধরা হয়েছে।
জাদুঘর কর্তৃপক্ষ জানায়, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে দেশের বিভিন্ন শ্রেণি-পেশা ও ধর্মীয় সম্প্রদায়ের মানুষ অংশ নেন। আন্দোলনে অন্যদের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী নাগরিকেরাও প্রাণ হারান।
তাদের আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে সেই স্মৃতি পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে বইটি প্রকাশ করা হয়েছে।
প্রকাশনা সম্পর্কে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ বলেন, ২০২৪ সালের জুলাইয়ে আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখতে সাধারণ মানুষের ওপর দমন-পীড়ন চালিয়েছে। তার অভিযোগ, দলটি নিজেদের ক্ষমতা রক্ষার রাজনীতিকে দেশপ্রেমের নামে উপস্থাপন করেছিল।
তিনি বলেন, ‘বিসর্জন’ প্রকাশনার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে নিহত সনাতন ধর্মাবলম্বীদের স্মৃতি সংকলিত করা হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের সময় তাদের স্মরণ করার তাৎপর্য তুলে ধরে এহসান মাহমুদ বলেন, গভীর মমতা ও ভালোবাসার সঙ্গে এসব শহীদের আত্মত্যাগ স্মরণ করা হচ্ছে।
জাদুঘর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহত পাঁচ শতাধিক মানুষের স্মৃতিস্মারক বর্তমানে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে সংরক্ষিত রয়েছে।
এসব স্মৃতিস্মারকের মধ্যে গণঅভ্যুত্থানে নিহত সনাতন ধর্মাবলম্বীদের ব্যবহৃত বিভিন্ন স্মৃতিচিহ্নও রয়েছে।
এর আগে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, ‘বিসর্জন’ বইটির মুদ্রিত মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের পাশাপাশি দেশের বিভিন্ন বইয়ের দোকানেও বইটি পাওয়া যাচ্ছে।





