জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমানকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
শনিবার (২৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন, ২০২৬-এর ১১(১) ধারা অনুযায়ী অধ্যাপক মো. লুৎফর রহমানকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, দায়িত্ব গ্রহণের দিন থেকে পরবর্তী চার বছর তিনি উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে নির্ধারিত অবসর গ্রহণের বয়সসীমা এর আগে পূর্ণ হলে সে সময়েই তার দায়িত্বের মেয়াদ শেষ হবে।
নতুন উপাচার্য তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ও অন্যান্য ভাতা পাবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও তিনি ভোগ করবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে অধ্যাপক লুৎফর রহমানকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে। তবে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় তার নিয়োগ বাতিল করতে পারবেন।
অধ্যাপক মো. লুৎফর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে রয়েছেন।
এর আগে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের দায়িত্বে ছিলেন অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। তাকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়ার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।