মাঠ পর্যায়ে রাজস্ব আদায় কার্যক্রমে গতি আনতে ভ্যাটের দাখিলপত্র বা রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি তিন কর মেয়াদ শেষে একবার দাখিলপত্র জমা দেওয়ার পরিবর্তে এখন প্রত্যেক কর মেয়াদ শেষে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিতে হবে।
এ লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২২তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ খসড়াটি মন্ত্রিসভায় উপস্থাপন করে।
মন্ত্রিসভার প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাঠ পর্যায়ে রাজস্ব আদায়ে গতিশীলতা বাড়াতে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর ৬৪ ধারা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, প্রতি তিন কর মেয়াদ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেওয়ার বর্তমান বিধানের পরিবর্তে প্রত্যেক কর মেয়াদ শেষ হওয়ার পর অনধিক ১৫ দিনের মধ্যে রিটার্ন জমা দিতে হবে।
তবে নির্ধারিত ১৫তম দিন সরকারি ছুটির দিন হলে পরবর্তী কার্যদিবসে দাখিলপত্র জমা দেওয়ার সুযোগ থাকবে।
এ ছাড়া সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর মেয়াদ শেষ হওয়ার অনধিক ২০ দিনের মধ্যে দাখিলপত্র জমা দিতে পারবে।
মন্ত্রিসভার প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মাঠ পর্যায়ে রাজস্ব আদায় কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতেই দাখিলপত্র জমার এ বিধান পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে।
মন্ত্রিসভা ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে।





