কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ি প্রাঙ্গণ থেকে একটি টাইম বোমা ও দুই বোতল পেট্রল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকা থেকে আসা বোমা নিষ্ক্রিয়কারী দল বোমাটি নিষ্ক্রিয় করে। এ ঘটনায় আখড়াবাড়ি ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে আখড়াবাড়ির ভেতরে সন্দেহজনক একটি ব্যাগ পড়ে থাকার খবর পায় পুলিশ। পরে ঘটনাস্থল ঘিরে রেখে নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়।

কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) ফয়সাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি জানান, রাতেই কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখড়াবাড়ির ভেতরে বোমা থাকার খবর পান। এরপর ঘটনাস্থল ঘিরে রাখা হয় এবং বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আখড়াবাড়ির মূল ফটক দিয়ে প্রবেশের পর ডান পাশে একটি নারকেলগাছের নিচে সাদা ব্যাগে মোড়ানো সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখা যায়। স্থানটির পাশেই একটি পুলিশ বক্স রয়েছে।

বিষয়টি জানার পরপরই পুলিশ সতর্ক অবস্থান নেয়। নিরাপত্তার স্বার্থে আখড়াবাড়িতে অবস্থানরত সাধু-ফকিরদের রাতেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

পরে সকালে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা সন্দেহজনক ব্যাগটি পরীক্ষা করে একটি টাইম বোমা ও দুই বোতলে রাখা প্রায় দুই লিটার পেট্রল উদ্ধার করেন। এরপর বোমাটি নিরাপদে নিষ্ক্রিয় করা হয়।

এদিকে ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষে গত শনিবার (১৭ অক্টোবর) থেকে আখড়াবাড়িতে তিন দিনব্যাপী অনুষ্ঠান চলছে। সোমবার রাত পর্যন্ত এই আয়োজন চলার কথা রয়েছে।

অনুষ্ঠান চলাকালে আখড়াবাড়ি প্রাঙ্গণে বোমা পাওয়ার ঘটনায় সাধু-ফকির, ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান জানিয়েছেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এসব বস্তু সেখানে রেখে যেতে পারে।

তিনি বলেন, ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই। হয়তো কেউ আতঙ্ক ছড়াতে এমনটি করেছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

এদিকে কে বা কারা এবং কী উদ্দেশ্যে আখড়াবাড়ি প্রাঙ্গণে বোমা ও পেট্রল রেখে গেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।