প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন এখনো পাস হয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, আইনটি সংশোধনের সুযোগ রয়েছে এবং এ বিষয়ে অংশীজনদের সব উদ্বেগ সরকারের কাছে তুলে ধরার সুযোগ রয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীতে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, আইনটি বর্তমান অবস্থায় পাস হলেও বর্তমান সরকার আগের আওয়ামী লীগ সরকারের মতো করে এটি ব্যবহার করবে না।
সাইবার অপরাধ ও অপতথ্য মোকাবিলায় আইনের প্রয়োজনীয়তার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশে গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির একাধিক উদাহরণ রয়েছে। এ ধরনের অপতথ্য মোকাবিলায় আইনি ব্যবস্থা প্রয়োজন। তবে আইনটির প্রয়োগ, সংজ্ঞা ও পরিধি নিয়ে যে প্রশ্ন রয়েছে, সেটিও তিনি স্বীকার করেন।
কনটেন্ট ব্লক করার ক্ষমতা নিয়ে অংশীজনদের উদ্বেগ প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, এ বিষয়ে মানুষের মধ্যে যে আশঙ্কা রয়েছে, তা উড়িয়ে দেওয়া যায় না। তবে কিছু জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হতে পারে।
তিনি জানান, খসড়ায় কনটেন্ট ব্লক করার পর তিন দিনের মধ্যে কারণ জানানোর যে বিধান ছিল, সেটি বাদ দিয়ে সরাসরি আপিলের ব্যবস্থা রাখা হয়েছে। এ বিষয়ে অংশীজনদের সঙ্গে আরও আলোচনা করা যেতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, “এই আইন যদি কাগজে-কলমে অবিকৃতভাবে পাস হয়, এই সরকার হাসিনা সরকার হচ্ছে না।”
তিনি আরও বলেন, সাইবার অপরাধ মোকাবিলার পাশাপাশি নতুন ধরনের অনলাইন সাংবাদিকতা ও তথ্যপ্রচারের ক্ষেত্রেও সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োজন। তবে গণমাধ্যম ও নাগরিকদের উদ্বেগকে গুরুত্ব দিয়ে আইনের প্রয়োগের বিষয়টি নজরদারিতে রাখতে হবে।
ডা. জাহেদ উর রহমান বলেন, আইন সংশোধনের পরও যদি এর কোনো অপব্যবহার হয়, তাহলে তথ্য-প্রমাণসহ তা সরকারের সামনে তুলে ধরা গণমাধ্যম ও নাগরিক সমাজের দায়িত্ব।
আলোচনা সভায় বিজেসির পক্ষ থেকে অপতথ্য ও গুজবকে ঢালাওভাবে ফৌজদারি অপরাধের আওতায় না এনে সরকারি তথ্যের স্বচ্ছতা বৃদ্ধি, ফ্যাক্ট-চেকিং এবং দায়িত্বশীল সাংবাদিকতা জোরদারের প্রস্তাব দেওয়া হয়।
এ ছাড়া মানহানিকে ফৌজদারি অপরাধের আওতার বাইরে রাখা, বিনা পরোয়ানায় গ্রেপ্তার বন্ধ এবং কনটেন্ট অপসারণের আগে লিখিত নোটিশ ও স্বাধীন বিচারিক পর্যালোচনার দাবি জানান অংশগ্রহণকারীরা।
সাইবার সুরক্ষা আইন এখনো সংশোধনের সুযোগ রয়েছে: তথ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
২৬ সেপ্টেম্বর, ২০২৬
৩ সপ্তাহ আগে
শেয়ার করুন:

জাতীয়
বিষয়:ডা. জাহেদ উর রহমান
মতামত(0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে অ্যাকাউন্ট প্রয়োজন
সংবাদে মতামত প্রকাশ করতে অনুগ্রহ করে নিবন্ধন (Registration) অথবা লগইন করুন।




