আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে শতভাগ প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তবে নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দল অন্য কাউকে মনোনয়ন দিলেও সেই প্রার্থীর বিজয়ের জন্য কাজ করবেন বলে জানিয়েছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ইশরাক হোসেন।
তিনি বলেন, সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে অংশ নেওয়ার জন্য তিনি পুরোপুরি প্রস্তুত। তবে এ বিষয়ে দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত হবে।
ইশরাক হোসেন বলেন, ‘মেয়র নির্বাচনের ব্যাপারে প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত নেবেন।’
মেয়র নির্বাচনে অংশ নেওয়ার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। ইশরাক জানান, এর আগে ২০১৭ সালে মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার।
দলীয় মনোনয়নের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, বিএনপি যদি অন্য কাউকে মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করে, তাহলে সেই প্রার্থীকে বিজয়ী করতেও তিনি শতভাগ প্রস্তুত থাকবেন।
এদিকে সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি চাওয়ার কারণও ব্যাখ্যা করেন ইশরাক হোসেন।
তিনি জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখতে চান। তবে তার কর্মকাণ্ডের কারণে প্রধানমন্ত্রী কিংবা বিএনপি যাতে কোনো বিব্রতকর পরিস্থিতিতে না পড়ে, সে বিষয়টি বিবেচনা করেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনার প্রসঙ্গ তুলে ইশরাক বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলি, মাদকবিরোধী অভিযান কেবলমাত্র শুরু হলো, এটি চলমান থাকবে।’
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড যাতে তার কারণে ম্লান না হয় এবং দল যাতে বিব্রত না হয়, সে জন্যই স্বেচ্ছায় প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন।
প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের পাশাপাশি আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতির কথাও জানিয়েছেন ঢাকা-৬ আসনের এই সংসদ সদস্য। তবে তিনি নিজে মেয়র পদে দলীয় মনোনয়ন পাবেন কি না, তা বিএনপির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।





