জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাস ও লঞ্চের ভাড়া পুনর্নির্ধারণে নতুন প্রস্তাব দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৮ পয়সা এবং সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছে। একই সঙ্গে লঞ্চের ভাড়া প্রতি নটিক্যাল মাইলে ৫ পয়সা বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে এসব প্রস্তাব দেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।
বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, জ্বালানির দাম বাড়লে পরিবহন ভাড়া সমন্বয়ের প্রয়োজন হতে পারে। তবে ভাড়া পুনর্নির্ধারণের প্রক্রিয়ায় যাত্রীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা জরুরি।
যাত্রী কল্যাণ সমিতির অভিযোগ, ভাড়া নির্ধারণে যাত্রীদের মতামত বাদ দিয়ে বাস ও লঞ্চ মালিকদের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলো দফায় দফায় বৈঠক করছে।
সংগঠনটি আরও দাবি করে, জনস্বার্থে ভাড়া নির্ধারণের ক্ষেত্রে প্রয়োজনীয় স্বচ্ছতা রাখা হচ্ছে না। পরিবহন পরিচালন ব্যয় কতটা বেড়েছে এবং কত পরিমাণ ভাড়া বাড়ালে সেই ব্যয় সমন্বয় করা সম্ভব—এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না বলেও অভিযোগ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগের সরকারগুলোর সময় থেকেও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সুবিধা একতরফাভাবে বাস ও লঞ্চ মালিকদের দেওয়ার চেষ্টা করা হয়েছে।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বলছে, দেশের বড় অংশের যাত্রী সাধারণের প্রতিনিধিদের ভাড়া নির্ধারণ প্রক্রিয়ায় সম্পৃক্ত করা হয় না। এর ফলে সাধারণ মানুষ বারবার ক্ষতির মুখে পড়ছেন।





