মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ১০ বছরের কারাদণ্ডের রায় থেকে খালাস চেয়ে আপিল করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বুধবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় তার পক্ষে আপিল আবেদন দাখিল করা হয়।
এর আগে গত ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেন। মামলায় আনা তিনটি অভিযোগের প্রতিটিতে তাকে পৃথকভাবে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
তবে ট্রাইব্যুনাল আদেশে জানান, তিনটি সাজা একই সঙ্গে কার্যকর হবে। ফলে রায় অনুযায়ী ইনুকে মোট ১০ বছর কারাভোগ করতে হবে।
মামলায় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দমনের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইনুর কথোপকথনের ভিত্তিতে তার বিরুদ্ধে কমান্ড রেসপনসিবিলিটি বা ঊর্ধ্বতন কর্তৃত্বের দায়ের অভিযোগ আনা হয়। পাশাপাশি কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ততার অভিযোগও ছিল তার বিরুদ্ধে।
এসব অভিযোগের বিচার শেষে ট্রাইব্যুনাল তাকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেন। এবার সেই রায় থেকে অব্যাহতি ও খালাস চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন সাবেক এই মন্ত্রী।
এর আগে ২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা এলাকা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে শাপলা চত্বরের হত্যাকাণ্ডের অভিযোগে করা পৃথক মানবতাবিরোধী অপরাধের মামলাতেও ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম চলছে।