মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্র–ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার জেরে আঞ্চলিক উত্তেজনা বাড়ায় কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এর প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত পাঁচ দিনে বিমানবন্দর থেকে মোট ১৭৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ।
বেবিচক সূত্র জানায়, ২৮ ফেব্রুয়ারি বাতিল হয় ২৩টি ফ্লাইট। ১ মার্চ বাতিল করা হয় ৪০টি ফ্লাইট। ২ মার্চ বাতিল হয় ৪৬টি ফ্লাইট এবং ৩ মার্চ বাতিল করা হয় ৩৯টি ফ্লাইট। আর ৪ মার্চ বাতিল হয়েছে আরও ২৮টি ফ্লাইট।
আজ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কাতার এয়ারওয়েজ ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের চারটি করে, কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারলাইন্সের দুটি করে, এয়ার অ্যারাবিয়ার আটটি, এমিরেটস এয়ারলাইন্সের পাঁচটি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিনটি ফ্লাইট রয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচলে।
ফ্লাইট বাতিল হওয়ায় মধ্যপ্রাচ্যগামী অনেক যাত্রী বিপাকে পড়েছেন। তারা কবে নাগাদ গন্তব্যে যেতে পারবেন তা নিয়ে অনিশ্চয়তা ও দুশ্চিন্তার মধ্যে রয়েছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন