যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘হিংসার বশবর্তী হয়ে আলোচনার টেবিলেই কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছেন’ বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
বুধবার প্রকাশিত বিবিসি-এর এক প্রতিবেদনে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় আব্বাস আরাঘচি পারমাণবিক আলোচনা প্রসঙ্গে ট্রাম্পের কঠোর সমালোচনা করেন। তিনি লেখেন, পারমাণবিক আলোচনার মতো জটিল বিষয়কে যখন রিয়েল এস্টেট ব্যবসার মতো দেখা হয় এবং বড় বড় মিথ্যা দিয়ে বাস্তবতাকে আড়াল করা হয়, তখন অবাস্তব প্রত্যাশা কখনো পূরণ হয় না।
ফলাফলের প্রসঙ্গে তিনি আরও উল্লেখ করেন, “হিংসার বশবর্তী হয়ে আলোচনার টেবিলেই কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হয়েছে।”
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও অভিযোগ করেন, ট্রাম্প কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেই নয়, যারা তাকে নির্বাচিত করেছেন সেই মার্কিন জনগণের সঙ্গেও প্রতারণা করেছেন।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের কয়েক দিন ধরে চলমান সংঘাত এখনো অব্যাহত রয়েছে। উভয় পক্ষই হামলা চালিয়ে যাচ্ছে। এতে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ইরানে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন