জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার জন্য আগামী ৯ এপ্রিল দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বৃহস্পতিবার সকালে সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত ৩০ জুন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য (ভিসি) হাসিবুর রশীদসহ ৩০ জন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মামলার বিচারিক কার্যক্রমে তদন্ত কর্মকর্তাসহ মোট ২৫ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।
মামলার ৩০ জন আসামির মধ্যে বর্তমানে ছয়জন গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, রেজিস্ট্রার কার্যালয়ের চুক্তিভিত্তিক সাবেক কর্মচারী মো. আনোয়ার পারভেজ, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশের গুলিতে নিহত হন ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ। পুলিশের সামনে দুই হাত প্রসারিত করে বুক পেতে দেওয়ার তার ভিডিও দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ওই ঘটনার পর ছাত্র-জনতার আন্দোলন আরও তীব্র হয়ে গণঅভ্যুত্থানে রূপ নেয়। এর ধারাবাহিকতায় ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে।
বর্তমানে জুলাই–আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে একাধিক মামলার বিচারকাজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুইটি বেঞ্চে চলমান রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন