দেশে ফেরা হাজিদের বিমানবন্দরের ১৫০টি লাগেজ থেকে মালামাল চুরির অভিযোগ সম্পূর্ণ অসত্য বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলনকক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, হজফেরত যাত্রীদের লাগেজ চুরির অভিযোগ ভিত্তিহীন। তদন্তে ঢাকা বিমানবন্দরে কোনো ধরনের চুরি বা অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি।
তিনি বলেন, সম্প্রতি হজ থেকে ফেরা যাত্রীদের লাগেজ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে দাবি করা হয়, লাগেজ কাটা হয়েছে এবং ১৫০টি লাগেজ থেকে মালামাল চুরি হয়েছে। পোস্টটি প্রধানমন্ত্রীকে ট্যাগ করা হলে তিনি দ্রুত এ বিষয়ে নির্দেশনা দেন। এরপর মন্ত্রণালয় তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দেয়।
রশিদুজ্জামান মিল্লাত বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়। তাই বস্তুনিষ্ঠ তথ্য জানাতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
ঢাকা বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণে কোনো ধরনের মিসহ্যান্ডলিংয়ের প্রমাণ পাওয়া যায়নি জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, গতকালের ঘটনাটি অসত্য। বিমান কর্তৃপক্ষ এ-সংক্রান্ত প্রতিবেদন ও ভিডিও ফুটেজ জমা দিয়েছে।
তিনি আরও বলেন, বিমান থেকে লাগেজ নামানো থেকে শুরু করে বেল্টে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়ার ভিডিও সংরক্ষিত আছে। ফুটেজে দেখা গেছে, লাগেজ নামানোর মাত্র ১৩ মিনিটের মধ্যে প্রথম লাগেজ বেল্টে আসে এবং এক ঘণ্টারও কম সময়ে সব লাগেজ বিতরণ সম্পন্ন হয়।
প্রতিমন্ত্রী বলেন, এবার ৭৮ হাজারের বেশি হজযাত্রী নির্বিঘ্নে হজে গেছেন। ইমিগ্রেশন, নুশুক কার্ড, খাবারসহ বিভিন্ন বিষয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী নিজেও বিমানে হাজিদের সঙ্গে কথা বলেছেন। তিনি দাবি করেন, এ বছর হজ ব্যবস্থাপনায় যাত্রীরা সন্তুষ্ট ছিলেন।
সংবাদ সম্মেলনে বিমান ও পর্যটন সচিব ফাহমিদা আখতার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদ উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন