ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি। তিনি যুক্তরাষ্ট্রকে ‘অপরাধী’ এবং ইসরায়েলকে ‘বিশ্বাসঘাতক জায়নবাদী শাসন’ বলে উল্লেখ করেন।
শুক্রবার (৩ জুলাই) তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মুসাল্লায় আয়োজিত খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
আমির হাতামি বলেন, খামেনির শাহাদাত ইরানি জাতির সংকল্প আরও দৃঢ় করেছে। তিনি দাবি করেন, শহীদ নেতা ও অন্যান্য নিহতদের রক্তের প্রতিশোধ নেওয়া হবে এবং এর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে জবাবদিহির মুখোমুখি হতে হবে।
এদিকে তেহরানে খামেনির জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠানে বিপুল জনসমাগম দেখা গেছে। শনিবার (৪ জুলাই) গ্র্যান্ড মুসাল্লা কমপ্লেক্স ও আশপাশের এলাকায় লাখো মানুষ অংশ নেন। অনেকেই লাল পতাকা বহন করেন, যা ইরানে প্রতিশোধের প্রতীক হিসেবে পরিচিত।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি ও বিদেশি অতিথিরাও অংশ নেন। ভোর থেকেই তেহরানের মেট্রো স্টেশন ও সড়কগুলোতে মানুষের দীর্ঘ সারি দেখা যায়।
উল্লেখ্য, ঘোষিত কর্মসূচি অনুযায়ী জানাজার আনুষ্ঠানিকতা কয়েকদিন ধরে চলবে এবং পরবর্তীতে বিভিন্ন শহরে রাষ্ট্রীয়ভাবে শেষ বিদায় ও দাফন সম্পন্ন করা হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন