পবিত্র কোরআনের নির্দেশনার আলোকে সৃষ্টির যত্ন ও পরিচর্যার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পরিবেশ ও প্রতিবেশ রক্ষা করা মানবসমাজের দায়িত্ব।
বৃহস্পতিবার রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পবিত্র কোরআনের সূরা আল-বাকারার ২৯ নম্বর আয়াতের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আল্লাহ তায়ালা পৃথিবীর সবকিছু মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন।
তিনি বলেন, নদী-নালা, গাছপালা, কীটপতঙ্গ, বন্য ও গৃহপালিত প্রাণীসহ চারপাশের পরিবেশ ও প্রতিবেশ আল্লাহর সৃষ্টি। এসব সৃষ্টি থেকে মানুষ উপকার গ্রহণ করে থাকে।
প্রধানমন্ত্রী বলেন, আল্লাহর সৃষ্টির উপকার ভোগ করতে হলে মানুষেরও দায়িত্ব রয়েছে। যথাযথভাবে সব সৃষ্টির যত্ন ও পরিচর্যা করা মানবসমাজের কর্তব্য।
তিনি বলেন, বিজ্ঞানের অগ্রগতির মাধ্যমে এখন প্রমাণিত যে, ইকোসিস্টেমের সঙ্গে মানবসমাজের সম্পর্ক অত্যন্ত গভীর ও অবিচ্ছেদ্য। এই বাস্তুতন্ত্রের নিরাপদ সংরক্ষণ ও বিকাশের সঙ্গে মানুষের নিরাপদ ভবিষ্যৎও জড়িত।
তারেক রহমান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রকৃতির প্রতি দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন