চাকরির বাজারের চাহিদার সঙ্গে দেশের শিক্ষাব্যবস্থার সমন্বয় করতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তার ভাষ্য, শিক্ষাকে আরও বাস্তবমুখী ও কর্মসংস্থান উপযোগী করতে সরকার শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে চায়।

শুক্রবার (২১ আগস্ট) ব্র্যাক সিডিএমে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত এক নীতিনির্ধারণী সংলাপে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির জন্য মানসম্মত এবং জীবনমুখী শিক্ষাব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে তাদের অর্জিত জ্ঞান ও দক্ষতা সরাসরি কর্মক্ষেত্রে কাজে লাগে।

তিনি আরও বলেন, বিএনপি সরকার শিক্ষা খাতে দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করছে। একই সঙ্গে শিক্ষাকে জীবনমুখী ধারায় ফিরিয়ে আনা এবং কর্মবাজারের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার কাজ চলছে।

অর্থমন্ত্রী মনে করেন, একটি কার্যকর ও মানসম্মত শিক্ষাব্যবস্থা দেশের সামগ্রিক উন্নয়নকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।