আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৩৭ জন ‘জঙ্গি’ হত্যার দাবি করেছে পাকিস্তান। একই সময়ে আফগানিস্তানের কুনার ও পাকতিকা প্রদেশে পাকিস্তানি বিমান হামলায় তিন বেসামরিক নিহত এবং কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করেছে কাবুল।
সোমবার পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আফগান সীমান্তসংলগ্ন এলাকায় নিরাপত্তা বাহিনী স্থল অভিযান পরিচালনা করে। পরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার সঙ্গে সংশ্লিষ্ট সংগঠনগুলোর ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।
এর আগে গত তিন দিনে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাট ও হাঙ্গু জেলায় দুটি প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী, এসব হামলায় ১৮ পুলিশ সদস্য, ছয় সেনাসদস্য ও ছয় বেসামরিকসহ মোট ৩০ জন নিহত হন।
বিবৃতিতে বলা হয়, রোববার কোহাট ও হাঙ্গু এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে পরিচালিত স্থল অভিযানে নয়জন নিহত হন। এ সময় আরও কয়েকজন আহত হয়েছেন।
পাকিস্তানের পক্ষ থেকে আরও জানানো হয়, পরবর্তী সময়ে তিনটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়। এর মধ্যে একটি আত্মঘাতী হামলাকারীদের প্রশিক্ষণকেন্দ্র ছিল বলে দাবি করা হয়েছে। এসব হামলায় ২৮ ‘সন্ত্রাসী’ এবং কয়েকজন আত্মঘাতী হামলাকারী নিহত হয়েছেন। একই সঙ্গে অস্ত্র ও গোলাবারুদের মজুত ধ্বংস করা হয়েছে বলেও জানানো হয়।
বিবৃতিতে পাকিস্তান দাবি করে, আফগানিস্তান এখনো সন্ত্রাসী কার্যক্রমের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়ায় বিষয়টি উদ্বেগের। দেশটির বিরুদ্ধে পাকিস্তানে সন্ত্রাসী হামলার হুমকি আসছে বলেও অভিযোগ করা হয়।
অন্যদিকে, পাকিস্তানি যুদ্ধবিমান আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার ও পাকতিকা প্রদেশে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে আফগান সরকার। তাদের দাবি, এসব হামলায় অন্তত তিন বেসামরিক নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।
আফগান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, স্থানীয় সময় সোমবার ভোর ৩টার দিকে কুনারের নুরগাল জেলায় বিমান হামলা চালানো হয়। এতে তিনজন নিহত এবং কয়েকজন আহত হন।
তিনি আরও জানান, পাকতিকার বারমাল জেলাতেও অন্তত দুটি বিমান হামলা হয়েছে। তবে সেখানে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ পাকিস্তানের হামলার নিন্দা জানিয়ে এটিকে ‘আগ্রাসন ও অবিচার’ হিসেবে উল্লেখ করেন। তার অভিযোগ, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যর্থতার বিষয় থেকে মানুষের দৃষ্টি সরাতেই পাকিস্তানের সামরিক কর্তৃপক্ষ এ ধরনের হামলা চালিয়েছে।
তিনি আরও বলেন, আফগানরা এই আগ্রাসনের উপযুক্ত জবাব দেবে।





