চুয়াডাঙ্গা থেকে আত্মীয়ের বাড়ি ঘুরে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যশোরের মনিরামপুরের একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গত সোমবার (২৩ মার্চ) রাত আনুমানিক আড়াইটার দিকে যশোর-মাগুরা সড়কের গাইদঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মনিরামপুর বাজারের ইন্টারনেট ব্যবসায়ী মাহমুদ হাসান জাকারিয়া জনি (৪৩), তার বাবা আব্দুল মজিদ সরদার (৭৫) এবং জনির চার বছরের মেয়ে শেহেরিশ। আহতদের মধ্যে রয়েছেন জনির মা মনোয়ারা বেগম (৬০), স্ত্রী সাবরিনা জাহান (৩০) ও ছেলে সামিন আল মাস (১০)।
বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির জানান, প্রাইভেট কারটি যশোরের দিকে যাচ্ছিল। গাইদঘাট এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিপরীত পাশে একটি বটগাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালকের আসনে থাকা জনি ও তার বাবা নিহত হন।
পরে গাড়িতে থাকা অন্য চারজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তাদের অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করা হয়।
নিহত জনির আইটি প্রতিষ্ঠানের সহকর্মী রিয়াদ হোসেন জানান, জনি পরিবারসহ চুয়াডাঙ্গায় নানা বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটে। রাতেই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো তাদের বাড়িতে নেওয়া হয়েছে এবং দাফনের প্রস্তুতি চলছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন