স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করছে। সরকারের মূল লক্ষ্য হচ্ছে হাসপাতালগুলোকে দুর্নীতি ও দালালমুক্ত করা এবং সাধারণ মানুষ যাতে তাদের প্রাপ্য স্বাস্থ্যসেবা পাবেন, তা নিশ্চিত করা।
শনিবার সকালে তিনি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সিংগাইর পৌরসভার আয়োজনে মশকনিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার চায় সাধারণ মানুষ যেন সরকারি হাসপাতালে এসে কোনো ধরনের হয়রানির শিকার না হন। হাসপাতালে দুর্নীতি ও দালাল চক্র মুক্ত করার জন্য সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করবে এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দায়িত্বশীলভাবে কাজ করার জন্য তাগিদ দেওয়া হবে।
তিনি আরও বলেন, কিছু ক্ষেত্রে ওষুধ সরবরাহে দুর্নীতি, রোগীদের জন্য বরাদ্দকৃত খাবার ঠিকমতো না দেওয়া এবং ডাক্তার-নার্সদের সময়মতো উপস্থিত না থাকার মতো অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা নেওয়া হবে এবং দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, গ্রামীণ এলাকায় সাধারণ মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে আরও শক্তিশালী করা হচ্ছে এবং প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জাম ধীরে ধীরে বাড়ানো হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার, সহকারী কমিশনার (ভূমি) হাবেল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাফসান রেজা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলামসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন