জুলাই গণঅভ্যুত্থানের শহীদ গোলাম নাফিজকে গুলিবিদ্ধ অবস্থায় রিকশায় নিয়ে হাসপাতালে যাওয়ার রিকশাচালক নূর মোহাম্মদ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ পেয়েছেন। ২০২৪ সালে গণঅভ্যুত্থানে ১৭ বছর বয়সী গোলাম নাফিজ গুলিতে নিহত হন। তিনি রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে পাস করেন এবং একাদশ শ্রেণিতে ভর্তি হন।
৪ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে ফার্মগেটের পথচারী সেতুর নিচে গুলিবিদ্ধ হন গোলাম নাফিজ। সে সময় রিকশাচালক নূর মোহাম্মদ তাকে রিকশায় তুলে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, তবে আওয়ামী লীগের কয়েকজন নেতা বাধা দেন। পরবর্তীতে তিনি খামারবাড়ি এলাকায় নাফিজকে নিয়ে যান এবং সেখান থেকে একটি অটোরিকশায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
গত ৭ নভেম্বর, জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে নূর মোহাম্মদের রিকশাটি হস্তান্তর করা হয়। ওই দিন ৩৫ হাজার টাকায় রিকশাটি কিনেছিলেন এক ব্যবসায়ী। রিকশাচালক নূর মোহাম্মদ জানান, তাঁর জীবনের এই ঘটনা একটি বড় প্রাপ্তি। বৃহস্পতিবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত অধিবেশনে যোগ দেওয়ার জন্য তিনি আমন্ত্রণ পেয়েছেন এবং আমন্ত্রণপত্র হাতে পেয়েছেন, যদিও তিনি এটি পড়তে পারেন না।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন