ঈদযাত্রাকে ঘিরে যেকোনো দুর্ঘটনার দায় শেষ পর্যন্ত সরকারের কাঁধেই বর্তাবে বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তবে যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও তিনি জানিয়েছেন।
বৃহস্পতিবার রাজধানীর কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি যাত্রীদের ভোগান্তির বিষয়েও খোঁজ নেন।
প্রতিমন্ত্রী জানান, বগুড়ার সান্তাহারে বুধবার দুপুরে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় সাময়িকভাবে রেল চলাচলে বিঘ্ন ঘটে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এবং ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক রয়েছে।
তিনি বলেন, “মূলত দুটি ট্রেনের সময়সূচিতে কিছুটা বিপর্যয় ঘটেছিল। আমরা সার্বক্ষণিকভাবে যাওয়া-আসার পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ঈদযাত্রা শেষে সামগ্রিক সফলতা বা ব্যর্থতার মূল্যায়ন করা যাবে।”
দুর্ঘটনার বিষয়ে প্রশাসনিক পদক্ষেপের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, সান্তাহারের ঘটনায় সংশ্লিষ্ট স্টেশন মাস্টার ও দুই চালককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এছাড়া রেল যোগাযোগ আরও উন্নত ও সম্প্রসারণের লক্ষ্যে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা চলছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন