যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তি চূড়ান্ত হওয়ার বিষয়টিকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।
যুক্তরাষ্ট্র ও ইরান একটি শান্তিচুক্তিতে সম্মত হয়েছে। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান প্রথমে এ বিষয়ে ঘোষণা দেয়। পরে ওয়াশিংটন ও তেহরান চুক্তির বিষয়টি নিশ্চিত করে। আগামী ১৯ জুন সুইজারল্যান্ডে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে সই হওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ধারাবাহিকভাবে সংঘাত প্রশমন এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়ে আসছে। এই ইতিবাচক অগ্রগতিতে অবদান রাখা সংশ্লিষ্ট সব পক্ষ ও মধ্যস্থতাকারীদের প্রচেষ্টারও প্রশংসা করেছে বাংলাদেশ।
চুক্তিটি সদিচ্ছার সঙ্গে বাস্তবায়িত হবে এবং তা টেকসই ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে ঢাকা।
বাংলাদেশ মনে করে, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সাম্প্রতিক এই অগ্রগতির ভিত্তিতে বাকি বিষয়গুলোও সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা, সরবরাহশৃঙ্খল এবং পারস্পরিক সহযোগিতা দ্রুত পুনঃপ্রতিষ্ঠার প্রত্যাশা জানিয়েছে ঢাকা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন