রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত ঘটনার বিষয়ে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সূত্রে এ তথ্য জানা গেছে।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, একাত্তর টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু ও সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে এক দিন করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
সূত্রটির দাবি, জিজ্ঞাসাবাদের সময় তাঁরা নিজেদের দায় অস্বীকার করে বলেছেন, সংশ্লিষ্ট কার্যক্রম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় পরিচালিত হয়েছিল।
এ ছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন সংবাদ সম্মেলনের ভিডিও ফুটেজ তাঁদের দেখানো হয়। এ সময় মোজাম্মেল বাবু কয়েকটি ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি বলে দাবি করেন বলে জানিয়েছে তদন্ত সংস্থা।
এর আগে গত ৭ জুন প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। একই সঙ্গে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ আগস্ট দিন ধার্য করা হয়।
এই মামলায় এখন পর্যন্ত মোট নয়জন গ্রেপ্তার রয়েছেন। মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা ছাড়াও গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, সাবেক উপমহাপরিদর্শক মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির এবং সাবেক উপমহাপরিদর্শক আবদুল জলিল মণ্ডল।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের চারটি স্থানে ৫৮ জন নিহত হন। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে পাঁচজন ও কুমিল্লায় একজনের পরিচয় শনাক্ত করার দাবি করেছে তদন্ত সংস্থা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন