বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের প্রতি অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধের আহ্বান জানিয়েছেন।
শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ফারাক্কা দিবসের আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, “ভারত আমাদের প্রতিবেশী। তাদের সঙ্গে আমরা কখনোই ঝগড়ার পক্ষপাতী নই। কিন্তু তারা সীমান্তে গুলি করে হত্যা করে। এটা আমরা মেনে নিতে পারি না। আমরা তীব্র ভাষায় এর প্রতিবাদ জানাচ্ছি।”
পদ্মা ব্যারেজের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, পদ্মা ব্যারেজ হলে ভারতের ওপর চাপ সৃষ্টি করা সম্ভব হবে। একই সঙ্গে দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে যে লবণাক্ততার সমস্যা তৈরি হয়েছে, সেটিও সমাধান করা যাবে।
মির্জা ফখরুল বলেন, “শুধু পদ্মা বা তিস্তা নয়, সব নদীর পানির ন্যায্য হিস্যা চাই।”
ফারাক্কা বাঁধকে প্রতিবাদের প্রতীক উল্লেখ করে তিনি বলেন, গঙ্গা চুক্তি নবায়নে জাতিকে আবারও ঐক্যবদ্ধ হতে হবে। দল-মত নির্বিশেষে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, এই সরকারের তিন মাসে মূল সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও খাল খননের মতো উদ্যোগ জনগণের মনে আশা তৈরি করেছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ ধর্মান্ধ ও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে গিয়ে বিএনপিকে জয়ী করেছে। মানুষ বুঝিয়ে দিয়েছে, দেশের মানুষ সাম্প্রদায়িকতায় বিশ্বাসী নয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন