বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, পতিত শক্তি আবারও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করা হবে বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দলটির নেতাকর্মীদের কথিত উসকানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে মিছিলটি অনুষ্ঠিত হয়।
রুহুল কবির রিজভীর নেতৃত্বে আয়োজিত মিছিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিংগেল মোড় ঘুরে আবার কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রিজভী বলেন, “বাংলাদেশে আর পতিত ফ্যাসিবাদকে ফিরতে দেওয়া হবে না। পাচার করা অর্থ ব্যবহার করে পতিত শক্তি আবারও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে।”
তিনি আরও দাবি করেন, দেশের জনগণ ঐক্যবদ্ধ রয়েছে। তাই বাংলাদেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন