আমদানি করা মুঠোফোনে সরকারের দেওয়া সাময়িক শুল্কছাড়ের মেয়াদ ৩০ জুন শেষ হচ্ছে। নতুন সিদ্ধান্ত না এলে ১ জুলাই থেকে স্মার্টফোনের দাম কয়েক হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে।
গত জানুয়ারিতে সরকার মুঠোফোন আমদানির কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করেছিল। এতে মোট করভার ৪৩ দশমিক ৪৩ শতাংশে নেমে আসে। সুবিধার মেয়াদ শেষ হলে তা বেড়ে ৬৪ দশমিক ২৫ শতাংশ হতে পারে বলে জানিয়েছে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমআইওবি)।
সংগঠনটির দাবি, করভার বাড়লে আমদানি করা ফোনের দাম ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এ বিষয়ে শুল্কসুবিধার মেয়াদ বাড়ানোর অনুরোধ জানিয়ে বিটিআরসিকে চিঠি দেওয়া হয়েছে।
এমআইওবির সভাপতি জাকারিয়া শাহিদ বলেন, বিশ্ববাজারে মেমোরি চিপ, মাদারবোর্ড, সিপিইউ ও ব্যাটারির দাম ইতোমধ্যে বেড়েছে। এর সঙ্গে আমদানি কর বাড়লে খুচরা বাজারেও দাম বাড়বে এবং অনেক ক্রেতা আবার গ্রে মার্কেটের দিকে ঝুঁকতে পারেন।
প্রস্তাবিত বাজেটে সম্পূর্ণ তৈরি মুঠোফোনের শুল্কসুবিধা বহাল রাখার ঘোষণা না থাকায় বাজার এখন সরকারের সিদ্ধান্তের অপেক্ষায়।
তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা ফাহিম মাশরুর বলেন, স্মার্টফোন এখন শিক্ষা, আয় ও ডিজিটাল সেবার গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই এর ওপর বাড়তি করের চাপ শেষ পর্যন্ত সাধারণ গ্রাহককেই বহন করতে হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন