রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার হবে কি হবে না, সে বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত করছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
রোববার দুপুরে নিজ কার্যালয়ের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার হবে কি না সে বিষয়ে তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে যদি সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ পাওয়া যায়, তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, এ বিষয়ে আপাতত তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত তদন্ত প্রতিবেদন পাওয়ার পর নেওয়া হবে।
আওয়ামী লীগের শাসনামল প্রসঙ্গে তিনি বলেন, ২০০৯ সালে ক্ষমতায় আসার পর দেশে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কায়েম করা হয় বলে অভিযোগ রয়েছে। জনগণের স্বাধীনতা ও রাজনৈতিক কর্মকাণ্ড সীমিত করা হয়েছিল বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, বিগত সময়ে তিনটি নির্বাচনের মধ্যে একাধিক নির্বাচন নিয়ে বিতর্ক রয়েছে এবং ২০২৪ সালের জুলাই–আগস্টের ঘটনাকে কেন্দ্র করে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন